কঙ্গোয় নৌকাডুবিতে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন
- আপডেট সময় : ০৬:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ২১২৮ বার পড়া হয়েছে
কঙ্গোর মধ্যাঞ্চলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কাসাই প্রদেশে একটি নদীতে নৌকা ডুবে কমপক্ষে ৭০ জন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের রেডিও জানিয়েছে, গত ১৩ নভেম্বর সানকুরু প্রদেশের বেনা ডিবেলে বন্দর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশ্যে যাত্রা করেছিল জাহাজটি। ঘূর্ণিঝড়ের কারণে সানকুরু নদীতে নৌকাটি ডুবে যায়।
স্থানীয় প্রশাসক ফ্রাঁসোয়া আহোকার বরাত দিয়ে গণমাধ্যম জানায়, নৌকাটিতে প্রায় ১২০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে বলেও তিনি জানান।
আহোকা বলেন, উদ্ধারকারী দলগুলো কাজ করতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছে। জীবিতদের সনাক্তকরণ ও উদ্ধার হওয়া মৃতদেহ শনাক্তে পরিবারগুলোকে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, কঙ্গোতে নিয়মিত নৌকাডুবির ঘটনা ঘটে। কারণ সীমিত সড়কপথ এড়িয়ে অনেক মানুষ অতিরিক্ত যাত্রী ও পণ্যবোঝাই সস্তা কাঠের নৌকায় চলাচল করেন। পাশাপাশি লাইফ জ্যাকেটের অভাব, অতিরিক্ত যাত্রী বহন এবং রাতে নৌযাত্রার কারণে ডুবে যাওয়ার পর উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়ে—ফলে অনেক সময় মৃতদেহের সঠিক হিসাবও পাওয়া যায় না।



























