গুজব-অপতথ্য দমনে গণমাধ্যমের কঠোর ভূমিকা জরুরি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
- আপডেট সময় : ০৫:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ২১২৮ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে আরও শক্ত অবস্থান নিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমের ওপর জনগণের আস্থা পুনর্গঠনে সকলে কাজ করতে হবে। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ প্রেস কাউন্সিলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের অংশগ্রহণে আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।
গুজব ছড়িয়ে পড়ার প্রবণতা তুলে ধরে উপদেষ্টা বলেন, জেনেশুনে অপতথ্য ছড়ানো এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত ১৫ বছরে অপতথ্যের বিস্তার আরও বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পসংক্রান্ত সংবাদে কিছু গণমাধ্যম সচেতনতামূলক ভূমিকা না নিয়ে বরং আতঙ্ক সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
মাহফুজ আলম বলেন, “গণমাধ্যমের ওপর জনগণের আস্থা না থাকলে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া স্বাভাবিক।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মকাণ্ড নিয়ে উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠানটি একটি কোয়াসি জুডিশিয়াল সংস্থা হলেও পূর্ববর্তী সরকার এটিকে অকার্যকর করে রেখেছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার প্রেস কাউন্সিলকে পুনরায় সক্রিয় করতে পদক্ষেপ নিয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষায় বিদ্যমান আইনের আওতায় প্রেস কাউন্সিলকে আরও সক্রিয় হওয়ারও আহ্বান জানান তিনি।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিমের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। আরও বক্তব্য রাখেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন।
প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন সাংবাদিক অংশ নেন এবং শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।


























