শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে ইসি
- আপডেট সময় : ০১:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ২১০১ বার পড়া হয়েছে
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের প্রতি শতভাগ স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি বলেন, “যারা মাঠে কাজ করবেন, অনুগ্রহ করে শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করবেন। আপনাদের সঙ্গে যারা কাজ করবেন তাদেরও এ নির্দেশনা জানিয়ে দেবেন। আমাদের একটাই লক্ষ্য—জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া।”
সিইসি জানান, নির্বাচন কমিশনের নিজস্ব সুপারভাইজারি ও অফিসিয়াল মেকানিজম থাকলেও পর্যবেক্ষকদের চোখ দিয়েও নির্বাচনকে দেখতে চায় কমিশন। মাঠপর্যায়ে কার্যক্রম, আচরণবিধি ও আইন মেনে চলছে কি না—এ বিষয়ে সত্যনিষ্ঠ রিপোর্ট দিতে পর্যবেক্ষকদের অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, “আপনাদের নিয়োগপ্রাপ্তরা যেন কোনোভাবেই দলীয় প্রচার বা প্রভাব বিস্তারের চেষ্টা না করেন, সেটি নিশ্চিত করবেন। তাদের কাজ কেবল পর্যবেক্ষণ করা, হস্তক্ষেপ করা নয়।”
সিইসি জানান, স্বচ্ছ ও ভোটারবান্ধব পরিবেশে নির্বাচন আয়োজনই তাদের লক্ষ্য। কোনো ত্রুটি বা বিচ্যুতি থাকলে কমিশন তা সংশোধন করবে এবং পর্যবেক্ষকদের সুপারিশকেও বিবেচনায় নেওয়া হবে।
সংলাপে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমান এল মাছউদ, তাহমিদা আহমেদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং সিনিয়র সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























