ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি সানাউল্লাহ
- আপডেট সময় : ০৬:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ২০৯৬ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে যেকোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘তফসিল ঘোষণায় আর বেশি দেরি নেই। ডিসেম্বরের প্রথমাংশেই তা জানিয়ে দেওয়া হবে।’
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে ইসির দ্বিতীয় দিনের সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল ও বিকেল দুই পর্বে ৮১টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।
ইসি কমিশনার জানান, পাঁচ বছরের নিবন্ধন মেয়াদে একটি সংস্থা একটি জাতীয় নির্বাচন ও চারটি স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করতে পারে। এ সময় তাদের তিন ধরনের প্রতিবেদন—নির্বাচনের সাত দিনের মধ্যে প্রাথমিক, এক মাসের মধ্যে বিস্তারিত এবং দ্বিবার্ষিক প্রতিবেদন—জমা দিতে হয়। তবে অতীতে এসব প্রতিবেদন খুব কাজে আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, পর্যবেক্ষকদের বয়সসীমা কমিয়ে ২১ বছর করা হয়েছে ঠিকই, কিন্তু এ বয়সে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন কঠিন। তাই সংস্থাগুলোকে পর্যবেক্ষকদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। নিরপেক্ষতা বজায় রাখাকে তিনি সবচেয়ে বড় শর্ত হিসেবে উল্লেখ করেন।
সানাউল্লাহ আরও বলেন, নির্বাচনসংক্রান্ত সব আইন-বিধিমালা, নিবন্ধন বাতিলের কারণ, অভিযোগ তদন্ত ও নিষ্পত্তির নিয়ম সম্পর্কে পর্যবেক্ষকদের পরিষ্কার ধারণা থাকতে হবে। এতে ভুল-ত্রুটি কমবে এবং দায়িত্ব পালনে তারা আরও দক্ষ হবেন।


























