নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সেলিনা জেটলি
- আপডেট সময় : ০২:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ২১৮৪ বার পড়া হয়েছে
এক সময় বলিউডের হট অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন সেলিনা জেটলি। আইটেম গান এবং বিভিন্ন সিনেমায় সাবলীলভাবে পারফর্ম করেছিলেন তিনি। কিন্তু শোবিজের জগৎকে বিদায় দিয়ে তিনি সংসারের প্রতি মনোনিবেশ করেন এবং অস্ট্রেলিয়ার এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে ১৪ বছর পর জনপ্রিয় এই তারকা তার বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ করেছেন।
টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, প্রায় ১৪ বছর আগে সেলিনা জেটলি অস্ট্রেলিয়ার হোটেল ব্যবসায়ী পিটারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে।
সেলিনা মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। পাশাপাশি তিনি স্বামীর বিরুদ্ধে প্রতিনিয়ত নির্যাতনের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন।
অভিনেত্রীর অভিযোগ, পিটার অত্যন্ত নিয়ন্ত্রক এবং নিষ্ঠুর আচরণ করেন। এমনকি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। তিনি আরও বলেন, তাদের তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় বাবার কাছে রয়েছে এবং পিটার তাদের সঙ্গে তার যোগাযোগ বাধ্যতামূলকভাবে ছিন্ন করেছেন।
সেলিনা দাবি করেছেন, স্বামী তার ক্যারিয়ার এবং অর্থনৈতিক স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। পিটারকে ‘নার্সিসিস্টিক’ আখ্যা দিয়ে তিনি উল্লেখ করেছেন যে, স্ত্রী এবং সন্তানের প্রতি তার কোনো সহানুভূতি নেই।
মাধ্যম সূত্রে জানা গেছে, সেলিনার আবেদনের ভিত্তিতে মুম্বাই আদালত ইতোমধ্যেই পিটার হগকে আইনি নোটিশ পাঠিয়েছে। সংশ্লিষ্ট মামলার শুনানি ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, প্রায় এক দশক আগে ‘থ্যাংক ইউ’ সিনেমায় রোম্যান্টিক কমেডিতে শেষ বড়পর্দার অভিনয় করেন সেলিনা। এরপর ২০২০ সালে ওটিটিতে ‘সিজন গ্রিটিংস’-এ তাকে সর্বশেষ দেখা গেছে।




























