বিএনপির ‘মায়ের ডাক’খ্যাত প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৬:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / ২০৮৮ বার পড়া হয়েছে
ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে পুরান ঢাকার তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন মোহাম্মদ আনোয়ার এই মামলা দায়ের করেন।
বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন এবং দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন। বিষয়টি বাদীর আইনজীবী মো. মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
আইনজীবী আরও বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্মচর্চার অধিকার মানুষের মৌলিক অধিকার। বিয়ে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ রীতি। মুসলমানদের বিয়ে–সংক্রান্ত ইস্যুতে অবমাননাকর বক্তব্য দিয়ে বিবাদী ইসলাম ধর্মকে অপমান করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, কোরআনের সুরা নিসার ৩ নম্বর আয়াত অনুযায়ী মুসলিম পুরুষ সর্বোচ্চ চারটি বিয়ে করতে পারেন। একইভাবে মুসলিম পার্সোনাল ল’ (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭–এর ধারা (২) অনুযায়ী বিয়ে, ভরণপোষণ, তালাকসহ সংশ্লিষ্ট বিষয়গুলো ইসলামি শরিয়াহ আইন অনুযায়ী পরিচালিত হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, সানজিদা ইসলাম তুলি ইসলামে বিয়ে–সংক্রান্ত বিষয়ে অবমাননাকর মন্তব্য করে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন, যা দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।




























