দেশে ফেরার সিদ্ধান্ত একার হাতে নয়—মন্তব্য তারেক রহমানের
- আপডেট সময় : ১২:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ২১৯৬ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সংকটকালে মায়ের স্নেহ–স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা যেমন স্বাভাবিক, আমার ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়।’ তবে দেশে ফেরার সিদ্ধান্ত এখন তাঁর একার নিয়ন্ত্রণে নয় বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
বর্তমানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক ও দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এ অবস্থায় দলের নেতা–কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে; অনেকেই মনে করছেন, মায়ের শারীরিক অবস্থা বিবেচনায় তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসতে পারেন।
এ পরিস্থিতিতে আজ সকালে দেওয়া পোস্টে তিনি অসুস্থ মায়ের জন্য দোয়া অব্যাহত রাখতে সবাইকে অনুরোধ জানান। পোস্টে তিনি আরও লিখেছেন—
‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে আছেন। তাঁর সুস্থতার জন্য দেশ–বিদেশের মানুষ দোয়া করছেন। প্রধান উপদেষ্টা চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দল আন্তরিকভাবে চিকিৎসা প্রদান করছেন। বন্ধুপ্রতিম কয়েকটি রাষ্ট্র উন্নত চিকিৎসাসহ সহায়তার আগ্রহ প্রকাশ করেছে।’
তিনি বলেন,
‘সবার ভালোবাসা ও দোয়ার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে তাঁর দ্রুত রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।’
দেশে ফেরার প্রসঙ্গে তারেক রহমান লিখেছেন—
‘এমন সময়ে মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা আমারও প্রবল। কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার একক সুযোগ বা নিয়ন্ত্রণ নেই। বিষয়টির স্পর্শকাতরতা বিবেচনায় অধিক ব্যাখ্যার সুযোগও সীমিত। রাজনৈতিক বাস্তবতা অনুকূলে এলে স্বদেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমরা আশাবাদী।’


























