খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ২০৯৫ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি শনিবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা — সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ — খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান। এছাড়া সকাল ৭টার দিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকও হাসপাতালে উপস্থিত হয়ে তার স্বাস্থ্যের বিস্তারিত তথ্য নেন।
বর্তমানে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে গত ২৩ নভেম্বর ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সিসিইউ থেকে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


























