ইউক্রেনে রাতে ভয়াবহ হামলা, প্রাণহানি ৩৩
- আপডেট সময় : ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ২০৮৫ বার পড়া হয়েছে
রাশিয়া ইউক্রেনে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে, যার ফলে কমপক্ষে ৩৩ জন আহত হয়েছেন এবং অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে আরও ৩০ জনের অবস্থা গুরুতর।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ গ্রিডে হামলার কারণে ইউক্রেনের প্রায় ছয় লাখ পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। প্রায় চার বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে, যুক্তরাষ্ট্রের উদ্যোগে শান্তি আলোচনা চলাকালীনই এই হামলার ঘটনা ঘটেছে।
হামলার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “যখন বিশ্ব শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করছে, রাশিয়া তখনও হত্যা এবং ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।”
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রাশিয়া এই হামলায় প্রায় ৩৬টি ক্ষেপণাস্ত্র এবং ৬০০টি ড্রোন ব্যবহার করেছে।
২০২২ সাল থেকে মস্কো নিয়মিতভাবে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর আক্রমণ চালিয়ে আসছে। সর্বশেষ হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্যবস্তু করা হয়েছে। শহরের বিদ্যুৎ কাঠামোর ব্যাপক ক্ষতির কারণে অনেক পরিবার এখন দিনে মাত্র আট ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছে।



























