চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি প্রাণ হারালেন
- আপডেট সময় : ০৭:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ২১২৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। শহিদুল ইসলাম উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার বিকেলে শহিদুল ইসলামসহ ৫-৬ জন বাংলাদেশি গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছিল। তখন ৩২ বিএসএফের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যরা বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসতে সক্ষম হয়। পরে বিএসএফ শহিদুল ইসলামের মরদেহ নিয়ে যায়। সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দীন এই বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, ঘটনা ভারতের অভ্যন্তরে সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছে ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা কাঁটাতার পেরিয়ে মাদক আনতে গিয়েছিলেন। মরদেহ ফেরত পেতে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।






















