ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: আবহাওয়ার নতুন পূর্বাভাস
- আপডেট সময় : ০৮:২৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ২০৯০ বার পড়া হয়েছে
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি সঞ্চয় করছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বর্তমানে খুবই উত্তাল।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তি (নং-৯) অনুযায়ী, শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এই জরুরি তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত ‘ডিটওয়াহ’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
ঘূর্ণিঝড়ের অবস্থান সমুদ্রবন্দর থেকে দূরত্ব: চট্টগ্রাম ১,৮৬৫ কিমি, কক্সবাজার ১,৮১৫ কিমি, মোংলা ১,৭৩০ কিমি এবং পায়রা ১,৭৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিমি ব্যাসার্ধে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা ঝড়ো হাওয়ায় ঘণ্টায় ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।






















