খালেদা জিয়ার অসুস্থতার কারণে নির্বাচনের প্রক্রিয়া প্রভাবিত হবে না, বললেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু
- আপডেট সময় : ০৮:৫৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ২০৯৬ বার পড়া হয়েছে
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, “খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার অবনতি নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে না। তবে যেহেতু তিনি দলীয় প্রার্থী, তাই চাইলে বিএনপি নির্বাচন স্থগিতের আবেদন করতে পারে।”
শনিবার বিকেলে ফেনী শহরের জিরো পয়েন্টের ট্রাংক রোডে ফেনী-২ সদর আসনের গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
মঞ্জু আরও বলেন, “অতীতে খালেদা জিয়া অসুস্থ হয়েছেন, কিন্তু ফিরে এসেছেন। আমরা চাই এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করুন। ব্যক্তিগতভাবে আমি আশা করি তিনি পুনরায় নির্বাচিত হবেন। দেশের গণতন্ত্রের জন্য তিনি আপসহীন নেত্রী এবং সবার শ্রদ্ধার যোগ্য।”
তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার পাশে থাকার বিষয়ে তিনি বলেন, “যে প্রতিবন্ধকতা আছে, তা দ্রুত কাটিয়ে তিনি দেশে ফিরবেন বলে আমাদের আশা। সমন্বিত সিদ্ধান্ত নেওয়া ব্যক্তিরা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।”
গণসংযোগের সূচনা হয় শহরের কেন্দ্রীয় বড় মসজিদ থেকে, পরে প্রেসক্লাব প্রাঙ্গণ ও ট্রাংক রোড হয়ে শহীদ মিনার পর্যন্ত চলে। মঞ্জু ফেনী-২ (সদর) আসনে ঈগল প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির মনোনীত প্রার্থী।
গণসংযোগে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহ আলম, জেলা আহ্বায়ক আহসান উল্লাহ ও জেলা সদস্যসচিব ফজলুল হকসহ দলীয় নেতারা।
সকালে মঞ্জু সদর উপজেলার শর্শদী বাজারেও ভোটারদের সঙ্গে মিলিত হয়ে ফেনীর উন্নয়নে প্রতিশ্রুতি দিয়েছেন।




























