৫২৭ থানায় লটারিতে নতুন অফিসার ইনচার্জ নির্বাচন সম্পন্ন
- আপডেট সময় : ০৮:৪৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ২১৫৯ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারা দেশের ৫২৭ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত লটারির মাধ্যমে এসব ওসি নির্বাচন করা হয়। শিগগিরই তাঁদের পদায়ন করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসেন জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের মহাপরিদর্শকের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয় এবং সেই ভিত্তিতেই ওসিদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়।
সদর দপ্তর সূত্রের তথ্য অনুযায়ী, দেশে মোট ৬৩৯টি থানা রয়েছে, যার মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মহানগর এলাকায় ১১২টি। লটারিতে শুধুমাত্র জেলা পর্যায়ের থানাগুলোর ওসিদের পদায়ন করা হয়েছে। নির্বাচিত ৫২৭ জন ওসির মধ্যে ঢাকা রেঞ্জে ৯৮ জন, চট্টগ্রাম রেঞ্জে ১১১ জন, খুলনায় ৬৪ জন, ময়মনসিংহে ৩৬ জন, বরিশালে ৪৬ জন, সিলেটে ৩৯ জন, রাজশাহীতে ৭১ জন এবং রংপুর রেঞ্জে ৬২ জনকে পদায়ন করা হয়েছে।
সূত্রগুলো আরও জানায়, নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সৎ, নিরপেক্ষ ও যোগ্যতার ভিত্তিতে বদলি-পদায়নের জন্য ইউনিটপ্রধানদের কাছ থেকে তালিকা সংগ্রহ করা হয়। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ওই তালিকা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হয় এবং পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর লটারির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ২৪ নভেম্বর লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) নির্বাচন করে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওই লটারি অনুষ্ঠিত হয়।






















