শতাব্দীর সেরা নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানালেন ইসি সচিব
- আপডেট সময় : ১২:২৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২১০১ বার পড়া হয়েছে
দেশে এখন নির্বাচনের উত্তাপ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইসি সচিব বলেন, ‘আমরা নির্বাচনের জোয়ারে রয়েছি। সবাই চায়—এবারের নির্বাচন হোক শতাব্দীর সেরা নির্বাচন।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন ও গণভোট—দুটোই বড় আয়োজন এবং একে অন্যের পরিপূরক। গণভোটের চারটি প্রশ্ন নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল রয়েছে। উপদেষ্টা পরিষদের আলোচনায়ও বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোতে অনেক প্রতিশ্রুতি থাকে, যেগুলোর সবকটিতে সবাই একমত হয় না; বরং সামগ্রিক দিক বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়। গণভোটের ক্ষেত্রেও বিষয়টি ঠিক তেমনি—পুরো প্যাকেজ বিবেচনা করে ভোট দিতে হবে।’
ইটিআইয়ের মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও উপস্থিত ছিলেন।


























