পাসপোর্ট আবেদন করতে গিয়ে সিরাজগঞ্জে রোহিঙ্গা যুবক আটক
- আপডেট সময় : ০৬:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৯০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কক্সবাজারের কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করেছেন।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক যুবকের নাম রিয়াজুল মোস্তফা।
সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম জানান, সকালে উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে ‘রিয়াজ মিয়া’ পরিচয়ে ওই যুবক পাসপোর্ট করার জন্য আবেদন করতে আসেন। তার কাছে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের ইস্যুকৃত জন্মনিবন্ধন সনদও ছিল। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে তিনি রোহিঙ্গা এবং কুতুপালং ক্যাম্প থেকে এসেছেন। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
তিনি আরও বলেন, রোহিঙ্গারা যাতে ভুয়া পরিচয়ে বাংলাদেশি পাসপোর্ট করতে না পারে, সে বিষয়ে পাসপোর্ট অফিস সর্বোচ্চ সতর্ক রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবক নিজ নাম রিয়াজুল মোস্তফা, বাবার নাম গুরা মিয়া এবং মায়ের নাম খতিজা বলে জানান। তিনি কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা পারকোল এলাকার বাসিন্দা পরিচয়ে তিনি পাসপোর্ট করতে এসেছিলেন। কুতুপালং ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।






















