খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শনে প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৭:৩৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা ও খোঁজ-খবর নিতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর হাসপাতালে পৌঁছান।
এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা ও খোঁজ-খবর নিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে যান। একইদিন রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে উপস্থিত হন।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়া হয়েছিল। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দি ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ করোনাকালীন সময়ে তৎকালীন সরকার নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে তার সাজা স্থগিত করে মুক্তি দেয়। পরবর্তী সময়ে ছয় মাস পরপর আবেদন করলে সরকারের সিদ্ধান্তে তার সাজা স্থগিত ও মুক্তির মেয়াদ বাড়ানো হয়। তবে চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২০২৩ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। এরপর ২০২৪ সালের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। লন্ডনে ১১৭ দিন চিকিৎসার পর গত ৬ মে দেশে ফেরেন।
বর্তমানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। সর্বশেষ ২৩ নভেম্বর তাকে হাসপাতাল ভর্তি করা হয়। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, তার স্বাস্থ্য পরিস্থিতি এখনও সংকটাপন্ন।


























