পররাষ্ট্র উপদেষ্টার উদ্বেগ: প্রাথমিক শিক্ষার অবস্থা আশঙ্কাজনক
- আপডেট সময় : ০১:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২১১০ বার পড়া হয়েছে
প্রাথমিক শিক্ষার মান “ভয়ঙ্কর খারাপ” হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সফরের তৃতীয় দিনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
তিনি প্রাথমিক শিক্ষকদের মধ্যে দায়বদ্ধতার অভাবকে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেন। এছাড়া, উত্তরবঙ্গ থেকে বৈদেশিক কর্মসংস্থানের হ্রাসকেও তিনি গুরুত্বসহকারে তুলে ধরেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিদেশি নিয়োগদাতারা যদি কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দিতে চায়, আমাদের প্রশিক্ষণ কেন্দ্র তাদের জন্য উন্মুক্ত থাকবে। তবে বাংলাদেশে সরকারিভাবে যে দক্ষতা প্রদান করা হয়, তা বিদেশে কার্যকর নয়।”
বক্তব্যে তিনি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দেন এবং বলেন, “হারার সম্ভাবনা থাকা প্রার্থীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকতে হবে।”
পররাষ্ট্র উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আশাবাদও প্রকাশ করেন।


























