দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
- আপডেট সময় : ০২:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২১১৯ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আকাশ নামে একজন বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় মেছিনার কাছে মাটিম্বোতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করার সময় সন্ত্রাসীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
নিহত আকাশের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে। তার ভাই আসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
আসলাম জানান, আকাশ ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ব্যবসা শুরু করেছিলেন। মাঝে মাঝে দেশে আসতেন। তার মৃত্যুসংবাদ পরিবারের কাছে গত রাত সোয়া ১১টায় পৌঁছেছে। তিনি অসুস্থ মা, দুই ভাই, দুই বোন, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে রেখে গেছেন।
নিহতের পরিবারের অভিযোগ, উপজেলার আজগানা গ্রামের আছমান মোল্লার ছেলে জাফর মোল্লা আকাশের ব্যবসায়িক অংশীদার ছিলেন। জাফর ২০২৩ সালের সেপ্টেম্বরে আকাশকে কোনো খবর না দিয়ে প্রায় এক কোটি টাকা নিয়ে উধাও হন। পাওনা টাকা ফেরানোর চেষ্টা না হওয়া এবং বিভিন্ন হুমকির কারণে নিহতের হত্যা এই ঘটনার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
জাফর মোল্লার বক্তব্য জানতে চেষ্টা করা হয়েছে, তবে তাতে সফল হওয়া যায়নি।



























