গাজীপুরে ফ্ল্যাটের দরজা ভেঙে প্রধান শিক্ষিকার লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২০৯২ বার পড়া হয়েছে
গাজীপুরের পূবাইলে একটি ফ্ল্যাটের দরজা ভেঙে ৫৮ বছর বয়সী প্রধান শিক্ষিকা সাহানা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) ভোরে পূবাইলের মাজুখান পশ্চিমপাড়ার ১৪ তলা ফাল্গুনী টাওয়ারের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাহানা বেগম ঢাকার রায়পুরা থানার বনশ্রী এলাকার মৃত আব্দুল আউয়ালের মেয়ে। তিনি কালীগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং একা ভাড়া বাসায় থাকতেন।
পাশের ফ্ল্যাটের বাসিন্দারা তিন দিন ধরে তার ঘর বন্ধ পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানালা দিয়ে দেখে খাটের ওপর মরদেহ পড়ে আছে। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের মেয়ে জানিয়েছেন, তার মা দীর্ঘ চার বছর একা বাসা ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন এবং হার্টের রোগী ছিলেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হাসান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিক্ষিকা স্ট্রোক করে মারা গেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।”






















