চুয়াডাঙ্গায় বিএনপি ও আ.লীগের ১০২ সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন
- আপডেট সময় : ০৭:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় বিএনপি ও আওয়ামী লীগের ১০২ জন সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের একটি মাদ্রাসায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির রুহুল আমিন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন।
প্রধান অতিথি রুহুল আমিন তাঁর বক্তব্যে বলেন, “আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। শান্তি, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে হলে শান্তিপ্রিয় দল থাকা জরুরি। ৫ আগস্টের পর আমাদের কাজকর্মে কোনো পরিবর্তন নেই। যারা আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাই পরস্পরের ভাই ভাই হিসেবে একসাথে চলবেন। সাধারণ ভোটারদেরও এবার আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, দর্শনা জামায়াতের আমির রেজাউল করিমসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমির রফিজ উদ্দিন মাস্টার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি বলেন, “জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যোগদান করেছেন। আমরা সবসময় তাদের পাশে থাকব।”




























