উপদেষ্টা আসিফ নজরুল প্রবাসীদের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
- আপডেট সময় : ০৩:৪৪:২১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৯ বার পড়া হয়েছে
আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, প্রবাসীরা এখন নিজের ব্যবহৃত মোবাইলের পাশাপাশি বিদেশ থেকে দুইটি নতুন ফোন আনতে পারবেন। তিনি স্পষ্ট করেছেন, প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশনের জন্য কোনো নতুন আইন প্রণয়ন করা হয়নি।
ড. আসিফ নজরুলের তথ্য অনুযায়ী, বিদেশ থেকে একটির বেশি মোবাইল আনলে ট্যাক্স দিতে হবে এমন কোনো নতুন নিয়ম সরকার করেনি। পূর্বের নিয়ম অনুযায়ী, প্রবাসীরা নিজের ব্যবহৃত ফোনের সঙ্গে একটি নতুন সেট আনতে পারতেন। বর্তমান সরকার সুবিধা বৃদ্ধি করে দুইটি নতুন সেট আনার অনুমতি দিয়েছে। তবে দুইটির বেশি আনলে অতিরিক্ত ফোনের জন্য ট্যাক্স দিতে হবে। এই সুবিধা শুধুমাত্র বিএমইটি ছাড়পত্রপ্রাপ্ত প্রবাসীদের জন্য প্রযোজ্য।
ফোন রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়েও তিনি বলেন, ১৬ ডিসেম্বর থেকে নতুন মোবাইল ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেটটি রেজিস্ট্রেশন করতে হবে। এটি দেশের প্রতিটি নাগরিকের জন্য বাধ্যতামূলক এবং অবৈধ সেট ব্যবহারের মাধ্যমে অপহরণ, হুমকি, চাঁদাবাজি ও জুয়া নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আনা হয়েছে। এই আইন কাউকে হয়রানি করার জন্য নয়, বরং সুরক্ষার জন্য প্রণয়ন করা হয়েছে।
উপদেষ্টা প্রবাসীদের সতর্ক করেছেন, গুজব ছড়ানো বা অন্যের বিরুদ্ধে মিথ্যাচার করা ইসলামিক দৃষ্টিতে বড় পাপ। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, প্রবাসীদের দেশে ৬০ দিন থাকার কোনো নতুন শর্ত নেই।


























