পণ্যের দাম কমে যাওয়ায় স্থলপথে ভারতীয় পণ্য আমদানি স্থগিত হয়েছে: খাদ্য উপদেষ্টা
- আপডেট সময় : ০৫:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ২১০০ বার পড়া হয়েছে
পণ্যের দাম কমে যাওয়ায় ভারত থেকে স্থলপথে পণ্য আমদানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
সোমবার (৮ ডিসেম্বর) কুমিল্লা সার্কিট হাউসে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
খাদ্য উপদেষ্টা বলেন, “কৃষক ন্যায্য মূল্য পাচ্ছেন না। পণ্যের দাম যাতে আর না কমে, সে কারণে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। স্থলপথে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখা হয়েছে। বাজারে অতিরিক্ত সরবরাহ ঠেকাতে খাদ্যবান্ধব কর্মসূচিও আপাতত স্থগিত রয়েছে।”
তিনি আরও বলেন, “ধান-চাল সংগ্রহের মাধ্যমে সরকার বাজার থেকে পণ্য উত্তোলন করছে। এতে বাজারে চাহিদা বাড়বে এবং দামও স্থিতিশীল থাকবে। দুই মাস পর থেকে আবারও খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হবে।”
মতবিনিময় সভায় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























