ক্ষমতায় এলে নতুন করে খাল খনন কর্মসূচি চালুর ঘোষণা তারেক রহমানের
- আপডেট সময় : ০৫:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ২১৪৬ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় এলে কৃষি উন্নয়নে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণদের প্রযুক্তি ও ভাষাজ্ঞান বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নত দক্ষতা আয় ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে।
সোমবার (৮ ডিসেম্বর) বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে। এতে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষিক্ষেতে সেচ নিশ্চিত করা সম্ভব হবে।”
তিনি আরও জানান, এক মাঠে তিন ফসল ফলানোর উদ্যোগ বিএনপির আগামী দিনের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রবাসীদের বিষয়ে তারেক রহমান বলেন, “রেমিট্যান্স যোদ্ধাদের জন্য কর্মসংস্থানের পথ তৈরি করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা প্রবাসীদের স্বার্থ রক্ষায় এবং দক্ষ কর্মী বিদেশে পাঠাতে কার্যকর পদক্ষেপ নেব।”
তরুণদের প্রযুক্তিগত ও ভাষাগত দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “প্রযুক্তি জানলে তরুণরা বেশি আয় করতে পারে, আর ভাষাজ্ঞান তাদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ায়। মানুষের জীবনমান উন্নয়নে এসব ক্ষেত্রেই বিএনপি কাজ করবে।”




























