নির্বাচন বিষয়ে চূড়ান্ত বক্তব্য দিয়েছেন সিইসি: কমিশনার মাছউদ
- আপডেট সময় : ০২:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ২১১১ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ চূড়ান্ত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠানো হয়েছে এবং রেকর্ডিংয়ের জন্য ১০ ডিসেম্বর তাদের ডাকা হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত কোনো দলের প্রতীক পোস্টাল ব্যালটে থাকবে না। ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে কমিশন তাদের প্রস্তুতির অবস্থা জানিয়েছে।
সিইসি ও অন্যান্য কমিশনাররা বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাধারণত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
এর আগে, নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে সিইসি’র ভাষণ ধারণ ও সম্প্রচারের জন্য রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি এবং বাংলাদেশ বেতারকে চিঠি পাঠানো হয়েছে।


























