সিইসি জানিয়েছেন, চলতি সপ্তাহেই হবে নির্বাচনের তফসিল ঘোষণা।
- আপডেট সময় : ০৪:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ২১৫২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রধান বিচারপতির খাসকামরায় অনুষ্ঠিত এই বৈঠক রেওয়াজ অনুযায়ী। সিইসি বৈঠকের আগে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছান এবং রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী তাঁকে স্বাগত জানান।
সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, “প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি এই মাসে অবসরে যাচ্ছেন, তাই বিদায়ী সাক্ষাতের উদ্দেশ্যে দেখা করেছি। নির্বাচনী মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি।”
এদিকে, নির্বাচনী প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, স্থগিত কোনো দলের প্রতীক পোস্টাল ব্যালটে থাকছে না। তিনি আরও জানান, ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন। তফসিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ চূড়ান্ত হয়েছে এবং ১০ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে রেকর্ডের জন্য ডাক দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্যান্য কমিশনাররা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সাধারণত নির্বাচন তফসিল ঘোষণা করা হয়।
এর আগে, ৭ ডিসেম্বর রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন সিইসি। একই দিনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে।


























