মতিঝিলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
- আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৯ বার পড়া হয়েছে
রাজধানীর মতিঝিল আরামবাগ এলাকার একটি বাড়িতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর। পুলিশ এখনও তার পরিচয় সনাক্ত করতে পারেনি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা জানান, ওই ব্যক্তি চুরি করার জন্য করিম ভিলা, ৯৮/১ নম্বর বাড়িতে প্রবেশ করেছিল। ৬ষ্ঠ তলার একটি বাসা থেকে মোবাইল ফোন চুরি করতে গিয়ে তাকে ধরা হয় এবং মারধরের ঘটনা ঘটে। এর ফলে তিনি গুরুতর আহত হন।
পরের সকালে মৃতদেহটি ৪র্থ ও ৫ম তলার মাঝামাঝি সিঁড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। নিহতের দেহে দুই হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) কাজী আরমান হোসেন জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।






















