নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ সম্পর্কে যা জানালেন অর্থ উপদেষ্টা
- আপডেট সময় : ০৬:০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ২১৫৪ বার পড়া হয়েছে
নবম পে–স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন সরকারি চাকরিজীবীরা। নির্ধারিত সময়ের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ করা না হলে ১৭ ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এত দ্রুত পে–স্কেল ঘোষণা করা সম্ভব নয়। তিনি বলেন, “পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়। এখানে অনেক জটিলতা জড়িত। কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ের মধ্যে ঘোষণা সম্ভব হবে না। আমরা কাজ করছি।”
বুধবার (১০ ডিসেম্বর) পে–স্কেল বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে রাজধানীর এক হোটেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা দেশের অর্থনীতি, উন্নয়ন ও বাস্তবায়ন–সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি বলেন, “দেশে দরিদ্রতা বাড়ছে। ভালো প্রকল্প থাকা সত্ত্বেও বাস্তবায়নের দুর্বলতা, আইনি জটিলতা, দুর্নীতি ও নানামুখী সিস্টেমগত সমস্যা—সব মিলিয়েই পরিস্থিতির অবনতি ঘটছে।”
উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নারী উদ্যোক্তারা বেশি সংগঠিত ও হিসাব–সচেতন; তাই তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।
শহর-কেন্দ্রিক উন্নয়ন কমিয়ে গ্রামকে আরও আকর্ষণীয় করে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, “শহরে প্রপার্টি বাড়ছে, কিন্তু উন্নয়ন বিকেন্দ্রীকরণ জরুরি। এসডিএফকে আরও শক্তিশালী ভূমিকা নিতে হবে এবং সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে।”
উল্লেখ্য, গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুযোগ–সুবিধা পর্যালোচনার জন্য গঠিত পে কমিশনকে ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী কমিশনের হাতে সময় রয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।


























