বেগম জিয়ার অবস্থায় উদ্বিগ্ন পলাতক শেখ হাসিনা।
- আপডেট সময় : ০৬:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ২১৮১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটজনক অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির মতো বিভিন্ন রোগে ভুগছেন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। ২৩ নভেম্বর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং তখন থেকেই তিনি সিসিইউতে রয়েছেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্প্রতি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ইমেইলে এক বিশেষ সাক্ষাৎকারে খালেদার সুস্থতার জন্য দোয়া জানিয়েছেন।
খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও বর্তমান শারীরিক অবস্থার কারণে তা সম্ভব হয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিদেশে নেওয়া সম্ভব হবে তার স্বাস্থ্য পরিস্থিতি এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করে।
খালেদা জিয়া ২০১৮ সালে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। সেসময় অসুস্থতার কারণে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয়েছিল। ২০২০ সালে করোনা মহামারির সময় এক নির্বাহী আদেশে তিনি শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি পান। ২০২১ সালে লিভার সিরোসিসে আক্রান্ত হলে আবারও বিদেশে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়।
২০২৪ সালের আগস্টে বর্তমান সরকারের পরিবর্তনের পর খালেদা জিয়ার স্থায়ী মুক্তি হয় এবং দুর্নীতি মামলায় আদালত তাকে খালাস দেয়। ২০২৫ সালের জানুয়ারি মাসে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া খালেদা জিয়া প্রায় এক দশক পর জ্যেষ্ঠপুত্র তারেক রহমানসহ পরিবারের সঙ্গে মিলিত হন। দেশে ফিরে তিনি বাসায় চিকিৎসাধীন ছিলেন, তবে সম্প্রতি আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন।



























