চোরের হামলায় নিহত র্যাব সদস্যের স্ত্রী।
- আপডেট সময় : ০১:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ২১০৪ বার পড়া হয়েছে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভোরের দিকে চুরি করতে এসে লিপি খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিপি খাতুন কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। মহর উদ্দিন ঢাকার মোহাম্মদপুর র্যাব-২ এ কর্মরত রয়েছেন। লিপি খাতুন শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে লিপি খাতুন মেয়েকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে চোর ঘরে ঢুকে তাকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া জানান, হত্যাকাণ্ডটি একটি চুরির চেষ্টা থেকে ঘটেছে।
উল্লেখ্য, এর আগে সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে বাসার মালামাল চুরি করার সময় লায়লা আফরোজ (৪৮) ও তার কন্যা নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) হত্যা করার ঘটনায় গ্রেফতার করা হয়েছে গৃহকর্মী আয়েশাকে (২০)।






















