আসিফ-মাহফুজের সম্পদ তথ্য প্রকাশের দাবি উত্থাপন
- আপডেট সময় : ০১:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ২১০৩ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী ছাত্র জনতা। তারা এই দুই উপদেষ্টার অধীনে গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির তথ্যও প্রকাশ করার দাবি করেছেন।
প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরদিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালেই এই দাবিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে মানববন্ধন করে সংগঠনটি। বক্তারা অভিযোগ করেন, দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে দুদকে ওঠা দুর্নীতির অভিযোগ এখনও কার্যকর কোনো পদক্ষেপের মুখ দেখেনি।
বক্তারা বলেন, দুর্নীতির কারণে দুই উপদেষ্টা তাদের প্রার্থিতার যোগ্যতা হারিয়েছেন। তাই তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, সে জন্য নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। এছাড়া বর্তমান দুদক দুর্নীতি দমন কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তারা।
গত বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেছেন।
বিকেলে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন, তবে তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কি না সে বিষয়ে মন্তব্য এড়িয়ে যান।
রাতের সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে। এর আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।”




























