চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনের সময় পথচারী গুলিবিদ্ধ।
- আপডেট সময় : ০৩:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় পুলিশের বার্ষিক ফায়ারিং অনুশীলনের সময় বাবু হোসেন (৩২) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জাফরপুর বিজিবি ব্যাটালিয়ন এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বাবু হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মন্ডলপাড়ার হামিদ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মোটরসাইকেল চালিয়ে চুয়াডাঙ্গা হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ একটি বুলেট তার বুকের বাম পাশে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় জানান, “বুলেট বুকের বাম পাশে প্রায় এক ইঞ্চি ভেতরে প্রবেশ করেছে। এখানে অস্ত্রোপচার সম্ভব না হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “সব নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করেই দুই দিনব্যাপী ফায়ারিং কার্যক্রম চলছে। তবে গুলিটি কোথা থেকে এসেছে, তা তদন্ত করা হবে।”
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, গুলিবিদ্ধ হওয়ার স্থান ফায়ারিং রেঞ্জ থেকে ২০০০ গজ দূরে, তাই এমন ঘটনা অনাকাঙ্খিত।






















