নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে ১ জানুয়ারি: উপদেষ্টা বিধান রঞ্জন
- আপডেট সময় : ০৪:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৯২ বার পড়া হয়েছে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে গেছে। নতুন বই আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইন্সট্রাক্টর ও নেপের সহকারী বিশেষজ্ঞদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, “শিক্ষক হওয়ার আগেই কোর্সটি চালু করা হয়েছে, যা জানুয়ারি থেকে শুরু হবে। এর মাধ্যমে যারা শিক্ষার প্রতি আগ্রহী এবং শিক্ষক হতে চান, তারা ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ কোর্সের মাধ্যমে পেশাগতভাবে দক্ষ হবেন। এতে শিক্ষকতার মান উন্নয়ন হবে এবং শিক্ষা খাতে ইতিবাচক ফল পাওয়া যাবে।”
শিক্ষক নিয়োগের যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, “অনেক দেশের মতো আমাদের দেশেও শিক্ষক হওয়ার আগে বিশেষ প্রশিক্ষণ ও জ্ঞানের প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে দেশে শিক্ষক লাইসেন্সের ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।”
শিক্ষক আন্দোলন ও ১১তম গ্রেড বিষয়ে তিনি বলেন, “বেতন কমিশন এটি নির্ধারণ করবে। আমরা আমাদের অবস্থান জানিয়ে এসেছি। পরীক্ষার কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে বিষয়টি সমাধান করা হবে।”
নেপ সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ২০২৬ সালের জানুয়ারি থেকে ১২টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) পাইলট ভিত্তিতে ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ প্রোগ্রামটি চালু হবে। প্রোগ্রামটি ১০ মাস মেয়াদি এবং অনাবাসিক ও বৈকালিক ধারা অনুসারে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপের মহাপরিচালক ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী।


























