যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান।
- আপডেট সময় : ০৮:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেকোনো মূল্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক বিএনপির কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “ষড়যন্ত্র থামানো যাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। দেশের কল্যাণে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, দেশ ধ্বংসের মুখে পড়বে। তাই যেকোনো মূল্যে নির্বাচন হতে হবে।”
তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকে নিন্দনীয় উল্লেখ করে বলেন, “গতকাল শরিফ ওসমান হাদির ওপর হামলা হয়েছে। তিনি গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন। হামলার পেছনে কারো কোনো অসৎ উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা উচিত।”
তারেক রহমান চট্টগ্রামে বিএনপির এক কর্মীর ওপর হামলার ঘটনাও তুলে ধরে বলেন, “এসব ঘটনা ঘটিয়ে কেউ হয়তো ফায়দা লুটার চেষ্টা করছে।”
অতীতের শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “আগের আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসন আমরা পুনরাবৃত্তি করব না। আমরা পরিবর্তন আনব এবং কল্যাণমুখী দেশ পরিচালনা করব। সেই জন্য আমাদের ‘দেশ গড়ার পরিকল্পনা’ জনগণের সামনে তুলে ধরা হয়েছে। নির্বাচিত হলে এটি বাস্তবায়ন করব।”
দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, “মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে। একজন রাজনীতিবিদ হিসেবে জনগণের সঙ্গে মিশুন, তাদের কথা শুনুন। শুধু বসে থাকা চলবে না। বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দেওয়া আমাদের বড় দায়িত্ব।”




























