ঝালকাঠিতে হাদি সমর্থকদের সড়ক অবরোধ ও নামাজ আদায়
- আপডেট সময় : ০৮:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ২১০১ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ঝালকাঠিতে দ্বিতীয় দিনও সড়ক অবরোধ করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় তারা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে, ফলে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এই সময় বরিশাল ও খুলনার দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকে পড়ে। অবরোধকারীরা সড়কে নামাজ আদায় ও ওসমান হাদির সুস্থতার জন্য বিশেষ দোয়া মোনাজাত করেন।
ঝালকাঠি জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রাইয়ান বিন কামাল বলেন, “ওসমান হাদির ওপর হামলার পরিকল্পিত এ ঘটনার দায়ীদের এখনও প্রশাসন গ্রেফতার করতে পারেনি। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।”
সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা সড়ক মুক্ত করে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।






















