হাদির ওপর হামলাকারীর সীমান্ত অতিক্রমের কোনো তথ্য নেই: ডিএমপির মুখপাত্র।
- আপডেট সময় : ১২:৩০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৩ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত শুটার সীমান্ত পাড়ি দিয়েছে—এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর পল্টনে এক ব্রিফিংয়ে ডিএমপির মুখপাত্র এ তথ্য জানান।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে পল্টন থানায় হস্তান্তর করেছে র্যাব। একই সঙ্গে প্রধান সন্দেহভাজনের বিষয়ে তথ্য পেতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তবে শুটার সীমান্ত অতিক্রম করেছে—এমন কোনো প্রমাণ বা তথ্য এখনো পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, হাদিকে কেন হত্যার লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এই সময়ে কেন হামলার ঘটনা ঘটেছে—তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির মুখপাত্র বলেন, নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের কোনো আশঙ্কা দেখছে না পুলিশ। নির্বাচনকালীন সময়ে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নগরবাসীর জানমাল রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে।
এদিকে, ব্রিফিংয়ে জানানো হয়, হাদির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।






















