নির্বাচন হবে ইনশাআল্লাহ, কোনো ধরনের শঙ্কা নেই: সিইসি
- আপডেট সময় : ১২:৩৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৩ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যে তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। তরুণদের শুধু নিজেরা ভোট দেওয়ার আহ্বান নয়, অন্যদেরও ভোটদানে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
সোমবার রাজধানীর গুলশানে আয়োজিত ‘ইউথ ভোটার’ অনুষ্ঠানে সিইসি বলেন, তরুণরা সাহস, শক্তি ও সৃজনশীলতার প্রতীক। তাদের উদ্ভাবনী চিন্তা ও এনার্জি ছাড়া দেশ গঠন সম্ভব নয়। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে তাকে আশাবাদী করে তোলে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, এই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ভোটদান প্রক্রিয়ায় নিয়োজিত প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কারাবন্দী ব্যক্তি এবং নিজ নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারীদের ভোট দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এ ছাড়া একই দিনে সারা দেশে একযোগে গণভোট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা নির্বাচনটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করেছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সবার সহযোগিতা ও অংশগ্রহণ থাকলে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
নির্বাচন নিয়ে শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সবাইকে উদ্বেগ ঝেড়ে ফেলে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে পরিস্থিতির উন্নতি হয়েছে। অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা নতুন নয়।
আরেক প্রশ্নের জবাবে সিইসি জানান, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময়ে শান্তিশৃঙ্খলা বজায় রেখে একটি প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে তারা কমিশনকে আশ্বস্ত করেছে।
তিনি বলেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক সময়ে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। সবার সহযোগিতায় সেই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

























