নিরাপত্তা শঙ্কার কারণে আজ দুপুর ২টা থেকে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ
- আপডেট সময় : ১২:৫৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৭৮ বার পড়া হয়েছে
চলমান পরিস্থিতি বিবেচনায় আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর কেন্দ্রটির সব কার্যক্রম স্থগিত থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজকের (বুধবার) স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
এর আগে গত সোমবার বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকার মার্কিন দূতাবাস। সম্ভাব্য রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের আশঙ্কায় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এর দুই দিনের মাথায় নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আইভ্যাক বন্ধের ঘোষণা এলো।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনা এবং ভারতীয় ‘প্রক্সি’ রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে ‘চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট’ ধারণকারী ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংগঠক এবি জুবায়েরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে কর্মসূচিটি শুরু হবে। এতে সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। কর্মসূচির সার্বিক নেতৃত্বে থাকবেন জুলাই ঐক্যের সংগঠকেরা।






















