নির্বাচনী প্রচারে টিভিতে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
- আপডেট সময় : ০২:৪২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন (ইসি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তথ্য প্রচারের ক্ষেত্রে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনী পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামী নির্বাচনের প্রেক্ষাপটে আয়োজিত অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনী সংলাপ সম্প্রচারের সময় রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও ইসি জোর দেন।
এছাড়া, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ২৫ অনুযায়ী, নির্বাচনী সংলাপে অংশ নেওয়া প্রার্থী বা দলের প্রতিনিধি কোনো ব্যক্তিকে আক্রমণ করে বক্তব্য দিতে পারবেন না।
চিঠিতে সরকারি ও বেসরকারি টেলিভিশনসহ অন্যান্য গণমাধ্যমে নির্বাচনী সংলাপ বা অনুষ্ঠান সম্প্রচারের সময় সকল প্রার্থী সমান সুযোগ পান এবং কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করা না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।


























