মিয়ানমারে পাচারের সময় ১,৭৫০ বস্তা সিমেন্টসহ ২৩ জন আটক
- আপডেট সময় : ০৬:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৯২ বার পড়া হয়েছে
সমুদ্রপথে অবৈধভাবে মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় দুটি ট্রলারসহ ১ হাজার ৭৫০ বস্তা সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় পাচারকারীর সঙ্গে জড়িত ২৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
নৌবাহিনী জানায়, একটি পাচারকারী চক্র ইঞ্জিনচালিত ট্রলারের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে মিয়ানমারে সিমেন্ট পাচার করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বুধবার ভোরে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘শহীদ মহিবুল্লাহ’ কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪৬ নটিক্যাল মাইল দূরে সন্দেহজনক দুটি ট্রলার শনাক্ত করে।
টহল দল ট্রলার দুটি থামার সংকেত দিলেও তারা তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের ট্রলার দুটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে ট্রলার দুটি থেকে ১ হাজার ৭৫০ বস্তা বাংলাদেশি সিমেন্ট এবং ৩২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
নৌবাহিনী জানায়, জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে নৌবাহিনীর টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।






















