বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর দিলেন ডা. জাহিদ
- আপডেট সময় : ০২:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ২১৪১ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা তিনি গ্রহণ করতে পারছেন। চিকিৎসকরা তার সুস্থতা নিয়ে আশাবাদী।
তিনি জানান, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করছে। পাশাপাশি ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসা তদারকি করছেন। পরিবারের সদস্যরাও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। তবে তিনি বর্তমানে সিসিইউতে থাকায় সরাসরি পাশে থাকা সম্ভব হচ্ছে না।
দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন বিএনপির এ নেতা।
উল্লেখ্য, চলতি বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে স্বেচ্ছায় অংশ নেন বেগম খালেদা জিয়া। ওই দিন তাকে হাস্যোজ্জ্বল দেখা যায়। তবে পরদিন থেকেই শ্বাসকষ্টের জটিলতা দেখা দিলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সংক্রমণ হার্ট ও ফুসফুসে ছড়িয়ে পড়লে অবস্থার আরও অবনতি হয় এবং তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।




























