ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে রাজধানীতে এক নারী আহত
- আপডেট সময় : ০৭:০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ২১১১ বার পড়া হয়েছে
রাজধানীর শান্তিনগর ও মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের পৃথক ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী নারী আহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে শান্তিনগর ক্রসিংয়ের পূর্ব সিগন্যালে ফ্লাইওভার থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে এক পথচারী নারী কপালে আঘাত পান। আহত অবস্থায় তাকে ট্রাফিক পুলিশের সহায়তায় দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৪টার দিকে মৌচাক ক্রসিংয়ে ফ্লাইওভারের ওপর থেকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
এছাড়া বিকেল ৫টার দিকে মগবাজার ফ্লাইওভার থেকে রেইনবো ক্রসিং এলাকায় আরও একটি ককটেল নিক্ষেপ করা হয়। ওই বিস্ফোরণেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের নাশকতামূলক ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






















