ভারতে এক শ্রমিককে ‘বাংলাদেশি’ ভেবে পিটিয়ে হত্যার অভিযোগ।
- আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ২১৩৯ বার পড়া হয়েছে
ভারতের কেরালার পালাক্কাদ জেলায় গণপিটুনির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ‘বাংলাদেশি নাগরিক’ হিসেবে সন্দেহের কারণে ছত্তিশগড়ের এক দলিত শ্রমিককে মারধর করে হত্যা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া শনিবার (২০ ডিসেম্বর) এই ঘটনার খবরে জানিয়েছে, নিহতের ঘটনা এলাকায় কর্মরত অন্যান্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
নিহতের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। চাকরির সন্ধানে গত ১৩ ডিসেম্বর তিনি কেরালার পালাক্কাদে এসে একটি নির্মাণস্থলে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ শুরু করেন।
নিহতের আত্মীয় কিশান বাঘেল জানান, রামনারায়ণ একই গ্রামের দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেল এর অনুরোধে কেরালায় এসেছিলেন। কিশান বলেন, “রামনারায়ণ অত্যন্ত দরিদ্র ছিলেন। তার স্ত্রী ললিতা এবং প্রায় আট ও নয় বছর বয়সী দুই ছেলে আছে।”
একটি সূত্রের তথ্য অনুযায়ী, এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনার কারণে রামনারায়ণকে ভুল করে চোর সন্দেহে অভিযুক্ত করা হয়। এরপর একদল লোক লাঠি দিয়ে তাকে পেটিয়ে হত্যা করে।
খবর পাওয়ার পর রামনারায়ণের স্ত্রী শুক্রবার (১৯ ডিসেম্বর) পালাক্কাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের সময় পর্যন্ত তিনি সেখানে পৌঁছাননি বলে কিশান বাঘেল জানান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিরাপত্তা জোরদার করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের গ্রেফতারে ইতোমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনার কারণ ও উদ্দেশ্য খতিয়ে দেখার জন্য মামলা দায়ের ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।



























