সীমান্তে অনুপ্রবেশের সময় অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি।
- আপডেট সময় : ০৪:৩২:২০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ২১৩০ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২১ ডিসেম্বর) ভোরে ৫১ বিজিবি ব্যাটালিয়নের আংগুরপোতা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।
আটককৃত বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের ১৭৪ ব্যাটালিয়নের সদস্য। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ডাংগাপাড়া এলাকা দিয়ে সীমান্ত পিলার ডিএএমপি ১/৭-এস এর কাছে থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির টহল তাকে আটক করে। তার কাছ থেকে ব্যক্তিগত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম পাওয়া গেছে। বর্তমানে তিনি আংগুরপোতা বিওপিতে বিজিবির হেফাজতে আছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেদ প্রকাশ জানিয়েছে, গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে ঘন কুয়াশার কারণে তিনি পথ হারিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। বিষয়টি জানার পর বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে তারা অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে।
ভারতীয় বাহিনী আটক সদস্যকে দ্রুত ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেছে। বিষয়টি সমাধানের জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক আয়োজন করা হয়েছে।






















