নারায়ণগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার
- আপডেট সময় : ০১:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্রীর নাম আকলিমা (১৩)। সে দড়ি সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম মো. আলী।
পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুরের পর থেকে আকলিমার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। সোমবার সকালে স্থানীয়রা দড়ি সোনাকান্দা এলাকায় একটি কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, মরদেহের মুখে কিছু আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।






















