নেত্রকোনায় তর্কাতর্কির একপর্যায়ে শাবলের আঘাতে যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৮:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ২১৪৪ বার পড়া হয়েছে
নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জিহাদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিহাদুল ইসলাম ছোট ইলাশপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি যুবদল কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে চৌরাস্তা মোড়ে একটি অটোরিকশায় জারিয়া যাওয়ার উদ্দেশ্যে দুজন যাত্রী ওঠেন। এ সময় স্থানীয় নিজাম উদ্দিনের লোকজন ওই যাত্রীদের নামিয়ে দিয়ে অটোরিকশাচালককে ধমকি দেন। পরে যাত্রী ও চালক বিষয়টি নিয়ে একই এলাকার নিজাম উদ্দিনের ভাতিজা জিহাদুল ইসলামের কাছে অভিযোগ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নিজাম উদ্দিনের হাতে থাকা শাবল দিয়ে জিহাদুল ইসলামের মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিহাদুল ইসলামকে মৃত অবস্থায় পায়। অভিযুক্ত নিজাম উদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।






















