অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশ সম্পূর্ণ সক্ষম: আইজিপি
- আপডেট সময় : ০২:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ২১০০ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য বাংলাদেশ পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।
মঙ্গলবার (আজ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।
আইজিপি বলেন, জুলাই-পরবর্তী সময়ে বাস্তব নানা কারণে পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তবে সেই পরিস্থিতি কাটিয়ে উঠে পুলিশ এখন অনেক বেশি সক্ষম অবস্থানে রয়েছে। নির্বাচন সামনে রেখে এ পর্যায়ে এসে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনী পূর্ণ সক্ষমতা অর্জন করেছে।
তুচ্ছ ঘটনায় রাস্তা ও মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে আইজিপি বলেন, ছোটখাটো ইস্যুতে সড়ক ও হাইওয়ে অবরোধ করে অস্থিরতা তৈরির প্রবণতা বন্ধ করার সময় এসেছে। সর্বত্র শৃঙ্খলা প্রতিষ্ঠিত না হলে নির্বাচন কমিশনকে কার্যকর সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়বে।
নির্বাচন কমিশনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিকে সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক বিচার করার ক্ষমতা দেওয়া অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। একই সঙ্গে প্রয়োজনে ম্যাজিস্ট্রেটরা পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন—এমন বিধান রাখায় কমিশনকে ধন্যবাদ জানান তিনি।
পুলিশ প্রশাসনের মাঠ পর্যায়ের রদবদল প্রসঙ্গে আইজিপি নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট নির্দেশনার দাবি জানান। তিনি বলেন, এসপি বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলিতে কমিশনের অনুমতির বিষয়টি স্পষ্ট থাকলেও কনস্টেবল বা সাব-ইন্সপেক্টরের মতো নিম্নপদে রদবদলের ক্ষেত্রে পূর্বানুমতির প্রয়োজন রয়েছে কি না—সে বিষয়ে পরিষ্কার নির্দেশনা প্রয়োজন।
আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশ সর্বশক্তি ও সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও সফল করতে বদ্ধপরিকর। দেশবাসী ও নির্বাচন কমিশন পুলিশের ওপর পূর্ণ আস্থা রাখতে পারেন।
সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।


























