বিক্ষোভ ও ব্যারিকেড ভাঙচুর: দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
- আপডেট সময় : ০৩:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ২১০১ বার পড়া হয়েছে
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখার জন্য ১৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হাইকমিশন থেকে প্রায় ৮০০ মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে রাখতে পুলিশ সক্ষম হয়েছে। বিক্ষোভকারীরা হাইকমিশনে প্রবেশের চেষ্টা করলে সরকারি বাস দিয়ে তাদের বাধা দেওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের নেতৃত্বে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়েছে। কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে দূতাবাসের দিকে এগোতে সক্ষম হয়েছেন এবং স্লোগান দিতে দেখা গেছে।
দিল্লি পুলিশ হাইকমিশনের আশপাশে তিন স্তরের ব্যারিকেডিং ও আধাসামরিক বাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করেছে।
অন্যদিকে, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন।



























