চাকরির প্রতিশ্রুতিতে ১৭ তরুণকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে
- আপডেট সময় : ০৪:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৮ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার ১৭ জন যুবককে ‘দেহরক্ষী হিসেবে চাকরি’ দেওয়ার প্রলোভনে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। বর্তমানে তারা দোনবাসে রাশিয়ার পক্ষে লড়াই করছে। এই ঘটনায় তাদের পরিবার-স্বজন গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার যুবকদের রুশ বাহিনীতে যোগদান করানোর ক্ষেত্রে প্রতারণার অভিযোগ উঠেছে। দেশটির কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘রাষ্ট্রবিরোধী সন্দেহজনক অপরাধ’ হিসেবে বিবেচনা করছে।
দক্ষিণ আফ্রিকার তিন সন্তানের জনক ডুবান্ডেলা জানিয়েছেন, চলতি বছরের জুলাই মাসে তার ২০ বছর বয়সী ছেলেকে রাশিয়ায় ‘ভিআইপি’ দেহরক্ষী হিসেবে প্রশিক্ষণ দেওয়ার জন্য নাম লেখান। বাবা হিসেবে তিনি প্রথমে আনন্দিত হলেও, কয়েক দিনের মধ্যে জানতে পারেন তার ছেলে ও আরও অন্তত ১৬ জন যুবককে অজ্ঞাত একটি ভাড়াটে গোষ্ঠী জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে।
ডুবান্ডেলা বলেন, তার ছেলে জানিয়েছে, তারা এখন দোনবাসে হিমশীতল আবহাওয়ায় সারাদিন বাঙ্কার খনন বা পেরিমিটার রক্ষার দায়িত্ব পালন করছে। নিরাপত্তার কারণে ৫৬ বছর বয়সী ডুবান্ডেলা তার ও ছেলের পুরো নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কার্যালয়। প্রেসিডেন্টের মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া জানিয়েছেন, বিষয়টি ‘সর্বোচ্চ মনোযোগের’ সঙ্গে দেখা হচ্ছে। তিনি আরও জানান, যুবকদের উদ্ধারের প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল এবং বর্তমানে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। মুখপাত্র বলেন, “তারা মারাত্মক বিপদের মধ্যে আছে এবং তাদের নিরাপদে মুক্ত করার সম্ভাব্য সব উপায় খতিয়ে দেখা হচ্ছে।”



























