নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
- আপডেট সময় : ০৫:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৮ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক কলহের জেরে জেসমিন আক্তার (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী উজ্জ্বল হোসেন (৩৫) এবং তার বাবা-মাকে পুলিশ আটক করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেসমিন আক্তার ও তার স্বামী উজ্জ্বল হোসেনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিবাদ চলছিল। মঙ্গলবার সকালে পুনরায় বাগবিতণ্ডা শুরু হলে উজ্জ্বল হোসেন স্ত্রীকে মারধর করেন। এতে জেসমিন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
মান্দা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ নিহতের স্বামী উজ্জ্বল হোসেন (৩৫), তার বাবা ইউনুস আলী এবং মা জোসনা বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা অভিযুক্তদের আটক করেছি। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















