যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রণয় ভার্মা: জনকূটনীতি বিষয়ক মহাপরিচালক
- আপডেট সময় : ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ২১০৬ বার পড়া হয়েছে
ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় ভাঙচুর ও নিরাপত্তাজনিত ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার এইচ ই প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে জনকূটনীতি বিষয়ক মহাপরিচালক মাহবুবুল আলম জানান, ভারতে সংঘটিত সাম্প্রতিক ঘটনাগুলো বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, এ বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রয়োজনীয় ও যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। ভারতের ভিসা সংক্রান্ত কার্যক্রম পুনরায় শুরু হলে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রাঙ্গণের বাইরে ও রেসিডেন্সের সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় ভারতের হাইকমিশনারকে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে সংঘটিত এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস বিক্ষোভের ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সরকার এসব ঘটনাকে পূর্বপরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের উদাহরণ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে না, বরং পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার মূল্যবোধও ক্ষুণ্ন করে।
এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী ভারত সরকার অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশার কথাও জানায় বাংলাদেশ।
এদিকে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের একাধিক শহরে টানা কয়েকদিন ধরে উত্তেজনা ও বিক্ষোভ চলছে। কলকাতা, শিলিগুড়ি ও নয়াদিল্লিসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের কূটনৈতিক ও ভিসা সংক্রান্ত অফিস ঘিরে বিক্ষোভ ও কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করেই এসব আন্দোলন চলছে বলে জানা গেছে।
মঙ্গলবার কলকাতায় ‘হিন্দু হুঙ্কার পদযাত্রা’ নামে একটি মিছিল শিয়ালদহ থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে অগ্রসর হয়। এই কর্মসূচির আয়োজন করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ।
অন্যদিকে, ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে এক পোশাকশ্রমিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ চলছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবারের বিক্ষোভ ঘিরে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশ হাইকমিশন থেকে প্রায় ৮০০ মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে রাখতে সক্ষম হয়েছে বলে জানানো হয়।






















